একটা জীবন আছে
প্রতিশোধে হয়তো ক্ষনিকের তৃপ্তি আছে,
ক্ষমাতেও তৃপ্তি আছে অফুরন্ত।
যদি কোনটাই না করি?
যদি একেবারেই ভুলে যাই কি ঘটেছিলো?
তবে আছে স্বর্গসুখ। একটা জীবন আছে।
জীবনের চাল
আমি চেয়েও পাই নি, তুমি পেয়েও হারিয়েছো!
দর্শন অনুযায়ী আমার চেয়েও তোমার আক্ষেপ বেশি হবার কথা।
কিন্তু বাস্তবে আমি না পাওয়াতেই আঁটকে আছি,
আর তুমি আবার ভালোবাসা পেয়েছো!
জীবনের চাল বুঝা সত্যিই দুষ্কর!
নিজেই বিরক্তিকর
আমাকে সাজিয়ে দাও,
কাফনের সাদা শাড়িতে মুড়িয়ে দাও।
পালকিতে চড়িয়ে দাও!
আমি কবরে শয্যাশায়ী হবো।
মাটির উপরে আমি বড্ড বিরক্ত হয়ে গেছি।
আজ আমি আমার নিজের কাছেই বিরক্তিকর!
মুখে খিল
হৃদয়ে বইছে মহাপ্রলয়।
দহন ব্যক্ত করবার শব্দেরা সব ভয়ে লুকিয়েছে।
এমন কোন শব্দ নেই আর, আমি ব্যথা প্রকাশ করবো।
তাই মুখের দরজাতেও খিল এঁটেছি!
পুষ্পের জীবন
তোমার চোখে চোখ পড়লে মন কত ফুরফুরা লাগে।
তোমার স্পর্শ ভাবলেও উষ্ণতা ছুঁয়ে যায় হৃদয়ে।
আমি শুধু ভাবি,
যে কল্পনাতেও উষ্ণতা পৌঁছে দিতে পারে লাজুক অনুভূতিতে,
তাকে পেয়ে গেলে কী জীবন সদ্য ফুটে উঠা পুষ্পের মতো স্নিগ্ধ হয়ে যেতো না?
বুঝা এবং বুঝানোর ক্ষমতা
অন্য কাউকে বুঝানোর ক্ষমতা মানুষের নেই!
বুঝার ক্ষমতাটা থাকে মানুষের নিজের মাঝেই।
যে বুঝবে সে নিজের বোধ থেকেই বুঝবে।
আর যে বুঝতে চাইবে না,
বুঝানো ব্যক্তি যতোই যুক্তি দেখিয়ে যাক,
সে বুঝবেই না।
তোমাকে চাই
সৃষ্টি কূলে আর এমন কিছু সৃষ্টি হয় নি আজও,
যা তোমার শূন্যতাকে তলিয়ে দিতে পারে।
আমি আজও তোমার বিকল্প পাই নি, এটা ভুল!
বরং তোমার ধার ঘেষা কোন সৃষ্টির অস্তিত্বও দেখি নি!
আমি প্রাপ্তির শেষ দ্বারে এসেও বলবো,
তোমার দামে হলেও আমি তোমাকেই চাই।
স্বপ্ন স্বপ্নই
আমাদের সকাল শুরু হয় যার কথা ভেবে,
যে মানুষকে বিশ্বাস করি, আপন ভাবি।
যাকে ভালোবেসে জীবন কাটানোর ছক আঁকি।
সে মানুষটা আমাদের থাকে না বেশিদিন।
যেন চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে যায়,
স্বপ্ন আজন্মকাল স্বপ্নই থাকে!
বাস্তবের সাথে তার বড্ড ফারাক।
উল্টা-পাল্টা
তোমার থেকে ধার নেওয়া মহাকাব্য —
বারবার পাঠেও আমার বুঝে আসলো না!
তুমি সেদিন আমাকে বললে, প্রেমহীন প্রেমিক।
আমি হাসলাম! পুরো পথ হেসে হেসে ফিরলাম।
কারণ তোমার সামনে আমি নিজেই এক কাব্য!
আমার আর্তনাদে তুমিও কিছু অনুভব করো না!
আমিও ভাবলাম, অনুভূতিহীন প্রেমিকা।
আবার তুমি নিজেই অনুভূতির দৃশ্যমান অবয়ব।
আমি চাক্ষুষ প্রমাণ পেয়েছিলাম,
যখন কুড়িয়ে পাওয়া বিড়ালটি হারিয়ে গিয়েছিলো।
পাথর হওয়া
স্বপ্ন ভেঙে গেলে মানুষ পাথর হয়ে যায়।
আর পাথর হবার পর মানুষ অনুভূতি হারায়।
যার এমন কোন মানসিক প্রক্রিয়া থাকে না যে,
সে পুনরায় স্বপ্ন দেখতে পারবে।
বরং পাথর স্বপ্নভঙ্গের প্রতীক!